উই ছাপিয়ে যাক ব্রাককেও: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৩ মার্চ, ২০২৩ ১৪:৪৭  

উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) দেশে নারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম উল্লেখ করে সংগঠনটি অচিরেই ব্র্যাককেও ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বলেছেন, সারা বিশ্বে আপনারা যেভাবে দৌড়াচ্ছেন তাতে 'উই' আগামী দিনে বাংলাদেশের ব্র্যাকের চেয়েও বড় সংগঠনে পরিণত হবে। নাসিমা আক্তার নিসা যেভাবে সততা ও নিরপেক্ষতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন যাতে ব্রাককে ছাড়িয়ে যাওয়া সম্ভব। সংগঠনের ১৩ লাখ সদস্যের কেউ যেন ঝড়ে পড়ে না যায়। কেউ ঝড়ে পড়ার সম্ভাবনা দেখা দিলে সেখানে সবাই মিলে ঝপিয়ে পড়ুন।

সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে 'উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)' আয়োজিত 'এন্ট্রেপ্রিনিউর মাস্টারক্লাস' এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।

উই সহসাই একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এর সংগঠকদের উদ্দেশ্যে বলেন, এমন একটি করপোরেট সিস্টেম করে যান রাম না থাকলে রহিম, রহিম না থাকলে করিম এবং রহিমা না থাকলে করিমা কিংবা নাসিমা না থাকলে আছিয়া চালাবে। আমি চাইবো একটি বিকেন্দ্রীকরণ না হলে সংগঠনটিকে ধরে রাখা কঠীন।

কে এম খালিদ বলেন, আমার নিজ নির্বাচনি এলাকা মুক্তাগাছাকে মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্রথমে একটি ইউনিয়নকে বেকারমুক্ত করা হবে। সেজন্য কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সহযোগিতা নিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের সংগঠন 'উই'কে সেখানে কাজ করার আহবান জানান যাতে উদ্যোগটি দ্রুত ও সফলভাবে বাস্তবায়ন করা যায়।

'উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)' এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উই এর গ্লোবাল অ্যাডভাইজর সৌম্য বসু। স্বাগত বক্তব্য রাখেন উই এর অ্যাডভাইজর কবির সাকিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উই এর ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ইমানা হক জ্যোতি।

সভাপতির বক্তব্যে অল্পদিনের মধ্যেই সংস্কৃতিপ্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা মুক্তাগাছার নারীদের উন্নয়নে উই কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন নাসিমা আক্তার নিশা। একইসঙ্গে ফেসবুক ভিত্তিক এই গ্রুপটির সব সদস্যকে হ্যাসট্যাগ মাইস্টোরি ও মাই প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দেন।